নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি-ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
আকবর বাদশা, শ্রাবণ, রুবেলসহ ২৮ জনকে আসামি করে একটি মামলা করেছেন ইয়ামিন এক ব্যক্তি। অন্য মামলাটি করেছেন সেলিনা বেগম নামে এক নারী। এতে বকুল ভূঁইয়া, মনছুর আলী, শিমুলসহ ২১ জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার তারাব বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনায় ইকন নামে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইকন তারাব দক্ষিণপাড়া এলাকার আয়নালের ছেলে। এর আগে হৃদয় খান (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ পর্যন্ত আমরা দুজনকে গ্রেপ্তার করেছি।