দুর্দান্ত জোন্সে রেকর্ড গড়ে জিতলো যুক্তরাষ্ট্র

দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় যে অঘটন ছিল না তাই যেন বুঝিয়ে দিল স্বাগতিকরা নিজেদের ব্যাটিং দিয়ে।

কানাডার বিপক্ষে আজ ১৯৫ রানের লক্ষ্যে যুক্তারাষ্ট্র জয় পেয়েছে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলো মধ্যে রান তাড়ার রেকর্ডও।

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৬৯। বিশ্বকাপ অভিষেকেই জয় পেল যুক্তরাষ্ট্র।

অ্যারন জোন্স তার ইনিংসের প্রথম চার বলে কোন রান নিতে পারেননি। তবে এরপরই মারমুখী হয়ে ওঠেন তিনি। মাত্র ২২ বলে ফিফটি পূরণ করেন। যা টি-টোয়েন্টি যুক্তরাষ্ট্রের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। শেষ পর্যন্ত ৪০ বলে ৯৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন। জোন্সের ইনিংসে ছিল ৪টি চার ও ১০ ছক্কা।

দুর্দান্ত অ্যারন জোন্স

এটি জোন্সের আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি। সর্বোচ্চ স্কোরও। ২৩৫ স্ট্রাইক রেটের দুর্দান্ত ইনিংসে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন জোন্স।  

তার আগে রান তাড়ায় যুক্তরাষ্ট্রের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসে দ্বিতীয় বলেই ফেরেন স্টিভেন টেইলর (০)। দলীয় ৪২ রানে ফেরেন আরেক ওপেনার মোনাক প্যাটেল।

পরের গল্পটা আন্দ্রিয়েস গুস ও জোন্সের। তৃতীয় উইকেটে এই জুটি ১০০ রান যোগ করেন মাত্র ৪৫ বলে। শেষ পর্যন্ত তাদের ৫৮ বলে ১৩১ রানের জুটি ভাঙে গুস ৬৫ রান করে ফিরলে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় ফিফটি করা গুসের এটি সর্বোচ্চ ইনিংস। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছক্কা।

তৃতীয় উইকেট জুটিতে জোন্স ও গুসের ১৩১, ওভারপ্রতি রান এসেছে ১৪.২৯ গড়ে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো সেঞ্চুরি জুটিতে সর্বোচ্চ রানরেট।