চ্যাম্পিয়নস লিগ জিতে বেলিংহ্যাম বললেন, জীবনের সেরা রাত

প্রথম শিরোপার স্বাদ জুড বেলিংহ্যাম পেয়েছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে, ২০২০-২১ মৌসুমের জার্মান কাপ জিতে। সেখান থেকেই ২০২৩-২৪ মৌসুমে তিনি পা রাখেন রিয়াল মাদ্রিদে।

প্রথম মৌসুমেই পেলেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ফাইনালে রিয়াল ২-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ডকে। ইউরোপ সেরার আসরে এটি ১৫তম শিরোপা লস ব্লাঙ্কোসদের।

ফাইনালে গোল করতে পারেননি ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম। তবে প্রথম ইউরোপসেরা ট্রফি জিতে কাঁদলেন ২০ বছরের এই তরুণ ফুটবলার।

ফাইনাল শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, 'আমি সবসময় এই ম্যাচগুলো খেলার স্বপ্ন দেখেছি। জীবনের পথচলায় অনেক মানুষ বলবে, এমন কিছু করতে পারবে না…মাঝেমধ্যে সবকিছু কঠিন হয়ে পড়ে যখন মনে ভাবনা আসে, এত কষ্টের কি মানে আছে। তবে, আজকের মতো রাত সবকিছু অর্থবহ করে তোলে। আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন, আমার জীবনের সেরা রাত।'

রিয়ালের জার্সিতে অভিষেক মৌসুমেই তিনটি শিরোপা জয় করলেন বেলিংহ্যাম। স্প্যানিশ সুপার কাপ, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। লিগে দলের সর্বোচ্চ গোলদাতা হন, পেয়েছেন লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

পুরো মৌসুম নিয়ে বেলিংহ্যাম বলেন, নিখুঁত মৌসুম…এর চেয়ে ভালো কিছুর স্বপ্ন আমি দেখতে পারতাম না। আমার সতীর্থ, আমার পরিবার, দল-ফিজিও এবং বাকি সবার প্রতি ভীষণ কৃতজ্ঞ আমি।'

বেলিংহ্যাম এই মৌসুমে রিয়ালের হয়ে ৪২ ম্যাচে ২৩ গোল করেছেন, অ্যাসিস্ট ১৩টি।