মালয়েশিয়া শ্রমবাজার

৬ সদস্যের তদন্ত কমিটি গঠন, অভিযোগ করতে পারবেন শ্রমিকরা

নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার কারণ খুঁজতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রবিবার (২ জুন) মালয়েশিয়ার শ্রমবাজার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইতোমধ্যে ৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন কর্মী মালয়েশিয়া গেছেন। ১৬ হাজার ৯৭০ জন যেতে পারেননি। তবে বায়রার কাছে লিস্ট চাওয়া হলেও তারা দেয়নি।
 
এ বিষয়ে ৬ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৭ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। কমিটিতে অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবকে প্রধান করা হয়েছে। যারা দোষী হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তবে শ্রমবাজার চালুর বিষয়ে আমরা আশাবাদী। বিমান ভাড়া বেশি নেয়া হয়েছে কি না সে বিষয়ে আপাতত তথ্য নেই বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে। 
 
সিন্ডিকেটে সরকারের আস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, সব এজেন্সি যেন কর্মী পাঠাতে পারে সেটা চায় সরকার। তবে যে দেশ নেবে তারা চায় বলেই সিন্ডিকেট করা হয়েছে।
 
প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন বলেন, মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে পারবে। তাদের টাকা ফেরত দেয়ার পরিকল্পনা আছে।তিনি।