সিনেমায় আসছেন মান্নাপুত্র 

এবার ঢালিউডে পা রাখতে যাচ্ছেন প্রয়াত চিত্রনায়ক মান্নার পুত্র সিয়াম ইলতিমাস। দেশের একটি সংবাদমাধ্যমকে এমনটা বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম নিজেই।

মান্নাভক্তরা এত দিন সিয়ামকে রুপালি পর্দায় দেখতে চাইলেও নিজেকে পর্দায় হাজির করেননি সিয়াম। তিনি ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে। এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি। বাবার মতো নায়করূপেই পর্দায় আসতে চান সিয়াম।

তবে কবে রুপালি পর্দায় ধরা দেবেন সিয়াম, এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি। সিয়াম বলেন, ‘অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি।’

সিয়াম আরও বলেন, ‘বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি। নিজেকে তৈরি করছি। এ মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না। তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন।’

সিয়াম ইলতিমাস সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। তাই নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার। তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয়জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি। সিয়াম চান রুপালি পর্দায় তার অভিষেক হোক সুপারস্টারের মতোই।