ভূমির কুতুবের খালাসের রায় স্থগিত

ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে ১০ কাঠার প্লট স্বজনদের নামে বরাদ্দ করে আত্মসাতের মামলায় ভূমি মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) কুতুব উদ্দিন আহমেদের খালাসের রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

গতকাল রবিবার চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ১ জুলাই পর্যন্ত খালাস স্থগিতের এ আদেশ দেন।

গত ২৯ মে এ মামলায় কুতুব উদ্দিনের আপিল মঞ্জুর করে তাকে খালাসের রায় দেয় হাইকোর্টের একটি একক বেঞ্চ। পরে হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও শাহ মঞ্জুরুল হক।

অ্যাডভোকেট খুরশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘এক মাস খালাসের রায় স্থগিত থাকবে। এ সময়ের মধ্যে আমাদের খালাসের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছে আদালত।’ আইনজীবীদের তথ্য মতে, ২০১৮ সালের ৮ এপ্রিল রাজধানীর গুলশান থানায়  কুতুব উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের এ মামলা করে দুদক। তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজন স্বজনের নামে বরাদ্দ করেন। বিচার শেষে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি কুতুব উদ্দিনকে পাঁচ বছর কারাদ- দেয় ঢাকার একটি বিশেষ আদালত। বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আপিল করেন কুতুব উদ্দিন। একই বছরের ১৬ মার্চ তা শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট।