জাপানের রাজধানী টোকিওতে আজ থেকে শুরু হচ্ছে জ্বালানিবিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সামিট ও মেলা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় চার হাজার মানুষ অংশ নিচ্ছেন, যাদের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও নীতি নির্ধারকরা রয়েছেন। মেলায় ৩০টিরও বেশি দেশ থেকে দেড় শতাধিক প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
টোকিও শহরের ‘বিগ সাইটে’ ষষ্ঠবারের মতো আয়োজিত এবারের আসরে ভবিষ্যৎ জ্বালানি এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে এলএনজি, গ্যাস, হাইড্রোজেন, অ্যামোনিয়া ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। জাপান ইতিমধ্যে এ-সংক্রান্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনাও করেছে, যেটি এবারের সামিটের মাধ্যমে উঠে আসবে।
বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে আসছে। তাছাড়া এটি পরিবেশের জন্যও ক্ষতিকর। জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী মানুষ উদ্বিগ্ন। ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী জ্বালানির ব্যবহারের বিকল্প নেই।
বিভিন্ন বিষয়ভিত্তিক আজকের আলোচনায় যারা অংশ নেবেন তারা হলেন মার্কিন প্রতিষ্ঠান শেভরন নিউ এনার্জিসের ভাইস প্রেসিডেন্ট শ্রীমন্ত ঘোষ, জাপানের ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাপরিচালক সিনিচি কিহারা, পরিবেশবিষয়ক উপ-মহাপরিচালক ইজুরু কোবায়াশি, ইউরোপিয়ান কমিশনের জ্বালানিবিষয়ক কমিশনার কাদরী সিমসন, ইন্দোনেশিয়ার অবকাঠামো ও পরিবহন সমন্বয়বিষয়ক উপমন্ত্রী রাচমাত কাইয়ুম উদ্দীন, বহুজাতিক কোম্পানি জেরার জ্যেষ্ঠ ব্যবস্থাপনা নির্বাহী কর্মকর্তা প্রমুখ। আগামী বুধবার শেষ হবে এ আয়োজন।