বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অনিয়ম ও দুর্নীতি যেন সমাজব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে। যারা সৎ, দেশপ্রেমিক ও ধার্মিক তারা সমাজে অস্বাভাবিক হয়ে আছেন। সমাজ থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করতে হবে। সমাজে অন্যায়-অবিচার হচ্ছে। ফলে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। গতকাল রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদীতে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান দিবসে আশ্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, এক শ্রেণির মানুষ আইনের ঊর্ধ্বে থাকে। তাদের আইনের আওতায় আনতে হলে বিশেষ ব্যবস্থা নিতে হয়। আইনের ঊর্ধ্বে থাকার কারণে তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা সত্যিকার অর্থেই আইনের শাসনের বাস্তবায়ন চাই। সমাজের অপরাধীরা অপরাধী হিসেবেই চিহ্নিত হোক।
জিএম কাদের বলেন, আনোয়ার আজীম আনার হত্যাকা- খুবই দুঃখজনক। তবে এ হত্যাকা- ঘটেছে কি না তা আমরা এখনো নিশ্চিত নই। এ কারণে স্পিকার তার আসন শূন্য ঘোষণা করতে পারছেন না। তবে অপেক্ষা করছি। হয়তো একটা ফলাফল পাওয়া যাবে। তিনি বলেন, সাংসদ আনোয়ারকে জড়িয়ে সংবাদ মাধ্যমে যা শুনতে পাচ্ছি, এগুলো খুবই দুঃখজনক। ওনার মতো একজন উচ্চ পর্যায়ের ও দায়িত্বশীল ব্যক্তি নৈতিক স্খলনের সঙ্গে যদি সত্যিই জড়িত থাকেন তাহলে আমরা এ ধরনের আর কোনো ব্যক্তি এমন মহান জায়গায় আসুক এটা চাই না।
তিনি আরও বলেন, লোকনাথ ব্রহ্মচারী জনগণের কল্যাণে নিজেকে সব সময় বিলিয়ে দিয়েছেন। মানুষের মধ্যে জ্ঞান বিলিয়েছেন। তার বাণী নিয়ে আমরা যেন সমৃদ্ধ হতে পারি সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। ঈশ্বরের নৈকট্য লাভের জন্য ও দেশের উন্নয়নের সহায়ক হয়Ñ এটা আমাদের পরম পাওয়া। সব ধর্মে আছে জনগণের সেবা মানে ঈশ্বরের সেবা। আমাদের ধর্ম আলাদা হলেও আমরা রক্ত-মাংসে গড়া মানুষ। কেউ যেন ধর্মকে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
জিএম কাদের আরও বলেন, মানুষের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক গড়ে উঠলে হিংসা বিদ্বেষ দূর হবে। তাহলে জনসেবা মানুষের কল্যাণে কাজে আসবে। এখানে দেখলাম হিন্দু, মুসলিম ধর্ম, বর্ণ নির্বিশেষে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এসে ঈশ্বরকে পাওয়ার আকাক্সক্ষায় রাস্তায় শুয়ে আছেন। এগুলো দেখে আমি অভিভূত। এটা মানুষের শুভ চেতনা।
লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শনকালে এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, আশ্রম সভাপতি অশোক মাধব রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সহ-সভাপতি আজিজুর রহমান বাদল, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আমীন হোসেন, সাধারণ সম্পাদক জাকির সরকার প্রমুখ।