সাশ্রয়ী আবাসনে সহযোগিতা দিতে আগ্রহী ভারত

পরিবেশবান্ধব, টেকসই নগরায়ণ এবং পরিকল্পিত ও সাশ্রয়ী আবাসন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহের কথা জানিয়েছে ভারত। গতকাল রবিবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এই আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে গণপূর্তমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে ব্যাপক সহযোগিতা করেছে। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির পেছনেও ভারতের ভূমিকা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যোগাযোগ কাঠামো উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশবান্ধব উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার সুযোগ রয়েছে।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, গ্রিন বিল্ডিং টেকনোলজি, দুর্যোগঝুঁকি সহনীয় স্থাপনা নির্মাণসহ আবাসন খাতে ভারত-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। বাংলাদেশি প্রকৌশলীদের পরিবেশবান্ধব ভবন নির্মাণে ভারতে প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলে তিনি জানান।