ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা

ফেনীর দাগনভূঞা পৌর শহরের হাসপাতাল রোডের বহুতল ভবন ভূঞা ম্যানশন দখলের চেষ্টা এবং সে সময় নির্যাতনের শিকার গৃহকর্তা আবদুল গফুর ভূঞার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনসহ ৭ জনকে আসামী করা হয়েছে। 

গতকাল রবিবার দাগনভূঞা আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান ভুক্তভোগীর ছেলের অভিযোগ আমলে নিয়ে একে হত্যা মামলা হিসেবে রেকর্ড করতে আদেশ দেন।

আদালত সূত্র জানায়, প্রয়াত গফুর ভূঞার ছেলে রিয়াদ হোসেন রাজু বাদী হয়ে গতকাল আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগে মামুন ছাড়াও আমান উল্যাহপুর এলাকার নির্মল সাহার ছেলে দহন সাহা, রুহিনী সাহার ছেলে নির্মল সাহা, চয়ন সাহা, জগতপুর এলাকার আবদুল ওহাবের ছেলে আইয়ুব আলী, কালা মিয়ার ছেলে ছেরাজুল হক প্রকাশ হক সাব, ইকবালকে আসামী করা হয়। 

বাদীপক্ষের আইনজীবী মাসুদ আলম জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে হত্যা মামলা হিসেবে রেকর্ড করতে নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বুধবার হাসপাতাল রোডের ৫ তলা ভবন দখল করতে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় ক্যান্সার আক্রান্ত আবদুল গফুর ভূঞা হামলার শিকার হন। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার ভোরে ঢাকায় নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।