বাবরের স্বীকার, বড় শট খেলার ক্ষমতা নেই তার

ক্রিকেটের তিন ফরম্যাটেই অন্যতম সেরা ব্যাটার বলা হয় বাবর আজমকে। তবে বড় বড় ছক্কা মারার কোনো সুনাম নেই তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে তার ফের উঠেছে প্রশ্ন। সেই সব প্রশ্নের জবাব দিলেন বাবর। 

বিশ্বকাপের আগে একটি সাক্ষাৎকারে নিজের ব্যাট করার ধরন নিয়ে মুখ খুলেছেন বাবর। 

তিনি বলেন, 'ক্রিকেটে কখনও সন্তুষ্ট হওয়া যায় না। প্রথম প্রথম আমার স্ট্রাইক রেট কম থাকত। পরে আমি বুঝতে পেরেছি যে স্ট্রাইক রেট বাড়াতে হবে। তাই আমি পরিশ্রম করেছি। যে সব জায়গায় সমস্যা হত তা ঠিক করার চেষ্টা করেছি।'

তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় বলেই মত বাবরের। কারণ, প্রতি ম্যাচে সমান স্ট্রাইক রেটে খেলা সম্ভব নয়। বাবর বলেন, 'আমার স্ট্রাইক রেট নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু প্রতি ম্যাচে একই স্ট্রাইক রেটে ব্যাট করা সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী স্ট্রাইক রেট বদলে যায়। কোনও ম্যাচে ১৫০ স্ট্রাইক রেট নিয়ে খেললে পরের ম্যাচেও যে সেটা করা সম্ভব, তার কোনও নিশ্চয়তা নেই।'

বাবর স্বীকার করে নিয়েছেন যে শুরু থেকে বড় শট খেলার ক্ষমতা তার নেই। পাকিস্তানের অধিনায়ক বলেন, 'আমার খেলার ধরন আলাদা। ব্যাট করতে নেমে আমার কিছুটা সময় লাগে। সাইম আয়ুব বা ফখর জমানের মতো প্রথম বল থেকে আমি ছক্কা মারতে পারি না। সেটাই আমার খেলার ধরন। সবার খেলার ধরন তো সমান হয় না।' 

উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম খেলা ৬ জুন। প্রতিপক্ষ স্বাগতিক আমেরিকা। ৯ জুন ভারতের বিপক্ষে খেলতে নামবেন বাবরেরা।