নিউইয়র্কে ‘শূন্য সরকার’ বলে দুয়ো শুনলেন সৌম্য

চোট কাটিয়ে ফিরে এসেছেন সৌম্য সরকার। তবে রানে এখনও ধারাবাহিক হতে পারেননি তিনি। লিটন দাস ও নাজমুল হোসেন শান্তও কাটাচ্ছেন বাজে সময়। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তারা পারেননি নিজেকে মেলে ধরতে। এমন বাজে পারফরম্যান্সের কারণে মাঠেই নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা দুয়ো দিয়েছেন তাদেরকে।

ভারতের দেওয়া ১৮৩ রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারেই আউট হন সৌম্য। ২ বল খেলে ডাক মারেন এই ওপেনার। আউট হয়ে যখন ফিরে যাচ্ছিলেন যখন ড্রেসিংরুমের দিকে তখন তাকে দেখে এক সমর্থক বলে উঠেন, ‘আপনাকে দিয়ে আর হবে না ভাই। আপনি তো শূন্য সরকার হয়ে গেলেন ভাই।’

শুধু তিনে নেমে ৮ বলে ৬ রানের বেশি করতে পারেননি লিটন দাস। আর চারে নেমে ৬ বল খেলেও রানের খাতা খোলার আগেই ফিরেছেন শান্ত। টপ অর্ডারের তিন ব্যাটারের এমন ব্যর্থতায় ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। তাতে হতাশ হয়েছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। তাদেরকে নিয়েও দিয়েছেন দুয়ো।