গত বছর অন্যতম বিতর্কিত ছবি দ্য কেরালা স্টোরি-র জন্য চর্চায় ছিলেন বলিউড অভিনেত্রী অদা শর্মা। দ্য কেরালা স্টোরি-র পর অদাকে দেখা যায় বস্তার: দ্য নকশা স্টোরিতে। তবে এবার ভিন্ন এক কারণে শিরোনামে এসেছেন এই অভিনেত্রী। বলিউডের এক প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ যে ফ্লাটে পাওয়া গিয়েছিল সেটা ভাড়া নিয়েছেন তিনি।
২০২০ সালের ১৪ জুন বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ পাওয়া যায় মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার একটি ফ্ল্যাট থেকে। তাঁর এই মৃত্যু ঘিরে এখনো রয়ে গেছে রহস্য। সুশান্তের সেই ফ্ল্যাটেই এবার থাকছেন অদা শর্মা। গত বছর থেকেই শোনা যাচ্ছিল যে অদা সুশান্তের ফ্ল্যাটে ভাড়া থাকতে পারেন। কথাবার্তাও নাকি পাকা হয়ে গিয়েছিল। তবে কবে অভিনেত্রী শিফট করছেন সে বিষয়ে কিছুই জানাননি। এবার শোনা যাচ্ছে যে অদা সুশান্তের ফ্ল্যাটে গত চারমাস ধরে রয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে অদা প্রয়াত অভিনেতার ফ্ল্যাটটিকে তিন বছরের জন্য ভাড়ায় নিয়েছেন। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ৪ মাসে আগেই সুশান্তের ফ্ল্যাটে শিফট হয়েছেন তিনি। অদা শুধু একা নন, তাঁর সঙ্গে এই ফ্ল্যাটে থাকছেন অভিনেত্রীর মা এবং দিদা।
অদা বলেন, আমি এর আগে পালি হিলের বাড়িতে থাকতাম। সেখানে আমার ছোটবেলা কেটেছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে সেখানে। এই প্রথম আমি মুম্বাইয়ের কোথাও শিফট হলাম। আর সুশান্তের এই ফ্ল্যাট আমাকে ইতিবাচক অনুভূতি দেয়। আমি এই ধরনের অনুভূতি নিয়ে খুব স্পর্শকাতর।