একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। সোশ্যালে এমন ছবি ছড়াতেই শুরু হয় নানা রকম গুঞ্জন। এরমধ্যেই জানা যায়, ছবিটি সংগীত তারকা তাহসান খানের।
অভিনেতা হিসেবে তাকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এই প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে। আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’ নিয়ে প্রথমবারের মতো ওটিটিতে আসছেন তাহসান। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করা যায়নি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প।
সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ছাড়া আরও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ আরও অনেকে। খুব শিগগিরই এটি মুক্তি পাবে।