তিন সাংবাদিককে লোহার পাইপ দিয়ে পেটালেন প্রভাষক

রংপুরে পীরগঞ্জে ভেজাল গোখাদ্য তৈরির কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। আজ সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার চতরাহাটে এ ঘটনা ঘটে।

মারধরে আহত এশিয়ান টিভির পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলনকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে তারা।

আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চতরা মহিলা কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া মন্ডল দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সংগৃহীত ধানের গুড়া, চালের গুড়া, সুজি, কাঠের গুড়ার মিশ্রণে পশু খাদ্য তৈরি করেন। এগুলো বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির নামে প্যাকেটজাত করে বাজারজাত করে আসছিল তিনি।

আজ সোমবার (৩ জুন) দুপুরে মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভির পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন, বায়ান্নর আলোর উপজেলা সংবাদদাতা মেফতাহুল ইসলাম সংবাদ সংগ্রহে ওই গুদামঘরে যান। এ সময় শ্রমিকরা ভেজাল গোখাদ্য মিশ্রণের কাজে ব্যস্ত ছিল। গুদামঘরে সাংবাদিক প্রবেশের খবরে শুনে জিয়া ও তার বাবা সোলায়মানসহ ৪/৫ জনকে নিয়ে গুদামঘরে ঢোকেন। পরে গুদাম ঘরের সাটার নামিয়ে কোনো কথা না বলেই সাংবাদিকদের লোহার পাইপ দিয়ে মারধর করেন তারা। এক পর্যায়ে এশিয়ান টিভির প্রতিনিধি পালিয়ে ওই বাজারের মধ্যে আসলে সেখানেও তারা তাকে পেটাতে থাকে তারা। পরে এলাকার লোকজন মুমুর্ষ অবস্থায় মিনহাজুল উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপর সাংবাদিক মাহমুদুল ইসলাম ও মেফতাহুল ইসলামকে গুদামঘর থেকে উদ্ধার করে। এ সময় জিয়া পালিয়ে যায়।

সহকারী কমিশনার (ভূমি) ত্বকী ফয়সাল তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে জিয়ার ৩টি গোডাউন ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে দেন।

ইউএনও ইকবাল হাসান দেশ রূপান্তরকে জানান, অবৈধ ব্যবসা বন্ধ করতে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

জেলা প্রশাসক মোবাশ্বের হাসান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আশ্বাস দেন।