মগবাজারে ছাদ থেকে লাফিয়ে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর মগবাজার এলাকায় একটি ছয় তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সেমা বেগম (২৬) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) বড় মগবাজারের ওরিয়েন্ট পয়েন্ট নামে একটি অ্যাপার্টমেন্টের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ওরিয়েন্ট পয়েন্ট অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মী মো. খোকন জানান, সেমা ওই ভবনের ৬ষ্ঠ তলায় আহমেদ আজমের বাসায় সপ্তাহখানেক ধরে গৃহকর্মীর কাজ করছিলেন। সোমবার বিকেলে ভবনের ছয় তলার ছাদ থেকে লাফিয়ে রাস্তায় পড়েন তিনি। দেখতে পেয়ে তাকে হাসপাতালে আনা হয়।

তিনি আরও জানান, ৬ষ্ঠ তলায় একটি ফ্ল্যাটের আহমেদ আজম ও তার স্ত্রী বসবাস করেন। দুই জনই বৃদ্ধ-বৃদ্ধা। তাদের ছেলেমেয়ে সবাই বিদেশ থাকেন। বৃদ্ধ দম্পতিকে দেখাশোনার জন্য আগে একজন কাজের মেয়ে ছিল। তার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় সেই গৃহকর্মী সেমাকে বৃদ্ধ দম্পতিকে দেখাশোনার জন্য দিয়ে যায় এক সপ্তাহ আগে। আজ কেন সেমা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বিষয়টি তাদের কারোরই জানা নেই।

সেমার বাবার নাম সিদ্দিকুর রহমান। তার বাড়ির সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।