আনারের আসনে ভোট নিয়ে সংসদের দিকে তাকিয়ে ইসি

ভারতের কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এখন পর্যন্ত মরদেহ না পাওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আনারের আসনটি কবে নাগাদ শূন্য হবে তা নির্ভর করছে সংসদের ওপর। সংসদ আসনটি শূন্য ঘোষণা করলে ইসি নির্বাচনের ব্যবস্থা করবে।

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এ কথা বলেন।

এ নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো সংসদ সদস্যের স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে তার সংসদীয় আসনটি কীভাবে শূন্য ঘোষণা হবে সংবিধানে এটি স্পষ্ট উল্লেখ নেই। আনার (আনোয়ারুল আজীম আনার) সাহেব মারা গেছেন কি না, অফিশিয়ালি আমরা জানি না। এ ক্ষেত্রে সংসদ যেভাবে বলবে সেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘সংবিধানের ৬৬ বা ৬৭তে (অনুচ্ছেদ) এ বিষয়ে আমরা কোনো কিছু উল্লেখ দেখি না। মৃত্যুজনিত কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটি আমি এ পর্যন্ত সংবিধানে দেখিনি। সাধারণত এটি ধরে নেওয়া হয়, যদি সংসদ সদস্য মৃত্যুবরণ করেন তার পক্ষে তো আর সংসদে আসা সম্ভব নয়। এটি ধরে নিয়েই আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং আমাদের যখন জানানো হয়, আমরা সংবিধানের ১২৩ অনুযায়ী নির্বাচন করি।’

ঝিনাইদহ-৪ আসনের ক্ষেত্রে কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিক বা অপমৃত্যু যাই হোক না কেন, এটা (আসন শূন্য ঘোষণা) হলো সংসদের দায়িত্ব। স্পিকার যখন মৃত্যু সনদ পাবেন তখন সংসদ আসনটি শূন্য ঘোষণা করবে।’

ধাপে ধাপে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মো. আলমগীর বলেন, ‘কমিশন এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের বক্তব্য হলো পদ্ধতি যেটাই হোক না কেন, রাজনৈতিক দল, সংসদ, ভোটার তারাই ঠিক করবেন। যে পদ্ধতিই অনুসরণ করা হোক না কেন, সংবিধানে যে অবস্থা থাকবে, সেই অবস্থার মধ্যে আমরা নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনটা সুষ্ঠু করার। ওটা নিয়ে আমাদের ব্যক্তিগত পছন্দ, অপছন্দ নেই।’