পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আসন্ন ঈদুল আজহা পর্যন্ত কোরবানির পশু সড়ক ও নৌপথে বহন করা হবে। যেসব যানবাহনে কোরবানির পশু বহন করবে তার সামনে নির্দিষ্ট গন্তব্য লেখা থাকবে। আর কোরবানির পশু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পুলিশের। এ ছাড়া কোরবানির পশু পরিবহনে কেউ বাধা সৃষ্টি করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
গতকাল সোমবার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে ঈদুল আজহার সার্বিক আইনশৃঙ্খলা, সড়ক, রেলপথ ও নৌপথের নিরাপত্তা এবং জনগণের নিরাপদ যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় আইজিপি এ নির্দেশনা দেন।