ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের সাত ধাপের ভোটগ্রহণ শেষে আজ মঙ্গলবার সকাল থেকে চলছে ভোট গণনা প্রক্রিয়া। প্রাথমিক গণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট এগিয়ে আছে।
যদিও শেষ দফা ভোট গ্রহণের পর বুথফেরত জরিপে মোদির এনডিএ জোটের বড় ব্যবধানে জয়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। তবে ভোট গণনার চিত্র বলছে আলাদা কথা। হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে বিরোধী দলীয় জোট ইন্ডিয়া।
ভারতের লোকসভার ভোট গণনার ৪ ঘণ্টা পেরিয়েছে। প্রথম ঘণ্টার মতো এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে বেলা ১টা পর্যন্ত মোদির এনডিএ জোট ২৯৭ আসনে এগিয়ে আছে যেখানে বিজেপি এককভাবে এগিয়ে ২৪২ আসনে। অন্যদিকে মূল প্রতিপক্ষ রাহুল গান্ধীর কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২২৭ আসনে এগিয়ে রয়েছে। আর কংগ্রেস এককভাবে ৯৩ আসনে এগিয়ে আছে।
গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভারতের লোকসভা নির্বাচনের ভোট। সপ্তম বা শেষ দফার ভোট হয়েছিল ১ জুন। এর ৭২ ঘণ্টা শেষে আজ সকাল আটটা থেকে শুরু হয় ভোটগণনা। প্রথমে গোনা হয় পোস্টাল ব্যালটে পড়া ভোট। এরপর শুরু হয় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। এই যন্ত্রেই আপাতত ৫৪৩ আসনের প্রার্থীদের ভবিষ্যৎ জানা যাবে আজ।
৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।