পদ্ম প্রতীকের মিষ্টান্ন দিয়ে বিজয় উদযাপনের প্রস্তুতি বিজেপির

ভারতে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে শুরু হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। দেশটির নতুন সরকার গঠন করবে কে তা ভোট গণনা শেষে আজই জানা যাবে। গণনা শেষে স্পষ্ট হবে কে বসতে যাচ্ছেন দিল্লির মসনদে।

ভোট গণনা শুরুর প্রথম ঘণ্টা থেকেই স্পষ্টভাবে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। তবে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে বিরোধী দলীয় জোট ইন্ডিয়া।

তবে আগে থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন বিজেপি। তাই চূড়ান্ত ফল ঘোষণার আগেই বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

ইতিমধ্যে সারাদেশ থেকে বিজেপির সমর্থকরা ভীর জমাচ্ছেন সদর কার্যালয়ের সামনে। এছাড়া বিজেপির সদর দপ্তরেও ব্যাপক আয়োজন শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় বার্তাসংস্থা এএনআই-এর পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিশাল কর্মযজ্ঞ চলছে, তৈরি হচ্ছে পুরি ও মিষ্টান্ন।

বিজেপি তাদের বিজয় উদযাপনের জন্য পদ্ম আকৃতির বিশেষ 'লোটাস বরফি' তৈরি করছে।

এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ কেন্দ্র বারানসীতেও করা হচ্ছে ব্যাপক আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে একদল নারীকে 'মোদী ভজন' গাইতে গাইতে লাড্ডু তৈরি করতে দেখা গেছে।

অন্যদিকে এক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে বিজেপি একটি বিজয় অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। বিজয় উৎসবে বিভিন্ন দেশের প্রতিনিধিসহ ৮ থেকে ১০ হাজার অতিথি উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, এমনকি রাষ্ট্রপতি ভবনে আসন্ন শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় গণপূর্ত দপ্তর।