গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হাতে আটক আরও চার জিম্মির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি অভিযান চলার সময় এই চারজনের মৃত্যু হয়েছে। তবে এই জিম্মিদের মরদেহ এখনও হামাসের কাছে রয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
মৃত ওই চারজন জিম্মি হলেন– ব্রিটিশ-ইসরায়েলি নাদাভ পোপেলওয়েল (৫১), চেইম পেরি (৭৯), ইয়োরাম মেতজার (৮০) এবং আমিরাম কুপার (৮৫)।
আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চার জিম্মির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে আইডিএফ। তবে তাদের মরদেহ বর্তমানে হামাসের জিম্মাতেই আছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
তবে এই চার জিম্মির মৃত্যুর বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি হামাস।
যদিও গত মাসে, হামাস দাবি জানিয়েছিল যে ব্রিটিশ-ইসরায়েলি জিম্মি নাদাভ পপলওয়েল এপ্রিল মাসে ইসরায়েলি হামলায় মারা গিয়েছিল ।কিন্তু যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলেছিল, তারা এ বিষয়ে তদন্ত করছে, তবে এখন পর্যন্ত তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ডিসেম্বরে হামাস একটি ভিডিও প্রকাশ করেছিল, যেখানে বাকি তিনজনকে দেখা যায়।
এই চারজনকেই গত বছরের ৭ অক্টোবর গাজার পার্শ্ববর্তী কিবুতজেস এলাকা থেকে জিম্মি করেছিল হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ওই সময় অন্তত ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।