মেয়াদোত্তীর্ণ ওষুধ ও শিশুখাদ্য পণ্য বিক্রির দায়ে নগরের জিইসি মোড়ে অবস্থিত ‘লাজ ফার্মা’ নামে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৪ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠানটিতে ওষুধ, শিশু খাদ্যসহ অন্যান্য পণ্যের মোড়কে উৎপাদন- মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না, পণ্যের ওজন-পরিমাণ নেই এবং ক্রয়ের কোনো রশিদ দেখাতে পারেনি।’
জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘অভিযানে গিয়ে আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা এবং অনুমোদনহীন বিদেশি খাদ্যপণ্য বিক্রয়সহ নানা অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।