র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এম খুরশীদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তার অবসরজনিত বিদায় উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এম খুরশীদ হোসেন ৩৩ বছরের বর্ণাঢ্য চাকরি জীবন শেষে আজ মঙ্গলবার অবসরে যাচ্ছেন।
এতে সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, এম খুরশীদ হোসেন দেশ ও জনগণের কল্যাণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী কর্মকর্তার সুন্দর ও সুস্থ জীবন কামনা করেন।
অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তার কর্ম ও ব্যক্তি জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এতে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।