খননযন্ত্রের গর্তে পড়ে শিক্ষার্থী মৃত্যু 

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীর প্রশাখা সাতেমলিয়া গোসল করতে গিয়ে ড্রেজারের গর্তে পড়ে তানবির ইসলাম লিমন (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবোর (৪ জুন) উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির নগরিপাড়া গ্রামের সাতেমলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থী নগরীপাড়া গ্রামের মুনাফের ছেলে ও মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কামাল হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর একটার লিমনসহ নগরীপাড়া গ্রামের আরো ৭-৮জন সহপাঠীদের সঙ্গে নিয়ে ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় ফুটবল খেলেন। খেলা শেষে তারা সবাই মিলে সাতেমলিয়া এলাকায় গোসল করতে গিয়ে লিমন ড্রেজার দিয়ে মাটি উত্তোলনকৃত একটি বড় ধরণের গর্তে তলিয়ে যেতে থাকে লিমন। একই গ্রামের শুভ তাকে বাঁচানোর চেষ্টা করে। পরে লিমনের সহপাঠীদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে সাতেমলিয়ায় নেমে ড্রেজারের গর্ত থেকে লিমনকে মূমূর্ষ অবস্থায় উত্তোলন করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ঘটনাটি আমার জানা নেই।