ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার শুরু থেকেই আমেথিতে নিজের লিড বজায় রেখেছিলেন কংগ্রেসের পুরনো নেতা কিশোরী লাল। শেষ পাওয়া খবর অনুযায়ী, স্মৃতি ইরানিকে লক্ষাধিক ভোটে হারিয়েছেন কিশোরী।
উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কিশোরী লালের জয়ের পরই তার সঙ্গে গ্রামের মেঠো রোদ্দুরে মাটিতে বসে খাওয়ার ছবি ট্যুইট করেন প্রিয়াঙ্কা৷ ছবির ক্যাপশনে লেখেন, ‘কিশোরী ভাইয়া, আমার কোনোদিন কোনো দ্বিধা ছিল না, আমি জানতাম আপনিই জিতবেন৷ আপনাকে এবং আমেথির ভাইবোনদের আমার অভিনন্দন৷
প্রায় দুই দশক ধরে এই আমেথি ছিল গান্ধী পরিবারের দুর্গ। ২০১৯ সালে গত লোকসভা নির্বাচনে এই আসনেই রাহুল গান্ধীকে পরাজিত করেন স্মৃতি। তার আগে তিনবার আমেথির প্রতিনিধিত্ব করেছেন রাহুল। অতীতে আমেথি থেকে জয়ী হন সঞ্জয় গান্ধী এবং পরবর্তীতে রাজীব ও সোনিয়াও। যদিও এবার রায়বেরেলি এবং ওয়ানাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল। দুটি কেন্দ্র থেকেই জিতেছেন তিনি।