অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন-সংক্রান্ত প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।
এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা কর্মবিরতির পাশাপাশি বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে এই কর্মসূচির সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক সরকার। অর্ধশতাধিক শিক্ষক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এতে সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ‘একটা বাহারি নাম দিয়ে যে সর্বজনীন পেনশন স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তা শুভংকরের ফাঁকি। কারণ এই স্কিমের ফলে আমরা যা টাকা দেব, একসময় সেই টাকাই ফেরত দেওয়া হবে সর্বজনীন পেনশনের নামে। আমরা আজ এখানে আমাদের জন্য অবস্থান নিইনি। আজ থেকে ২৬ দিন পরে আমাদের সহকর্মী হিসেবে যারা নিয়োগ পাবেন তাদের রক্ষার জন্য, দেশ-সমাজকে রক্ষা করার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শনের চেতনা থেকে আমাদের স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই স্কিমে অন্তর্ভুক্ত করা সেই স্বায়ত্তশাসনের প্রতি চরম অবজ্ঞা।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সকাল ৮টা থেকে সব বিভাগের শিক্ষকরা একযোগে কর্মবিরতি পালন শুরু করেন, যা অব্যাহত থাকে বেলা ১টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় এই কর্মসূচি পালন করা হয়।
শিক্ষক সমিতির আয়োজনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকরা। কর্মবিরতি চলাকালে শিক্ষকরা চারুকলা স্কুলের আঙিনায় অবস্থান কর্মসূচি পালন করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি মৌন মিছিল অদম্য বাংলা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে হাদী চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।