পুলিশ হেফাজতে নারীর মৃত্যু

তদন্ত ও বিচারের দাবিতে তিন সংস্থার বিবৃতি

যশোরে পুলিশ হেফাজতে আফরোজা বেগম নামে (৪০) এক নারীর মৃত্যুর ঘটনায় বিবৃতি দিয়েছে ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট), আসক (আইন ও সালিশ কেন্দ্র) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। পৃথক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত, বিচারসহ ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সংগঠনগুলো।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অভয়নগর উপজেলায় নওয়াপাড়া গ্রামের আফরোজা বেগমকে ১ জুন রাতে পুলিশ আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তারের পর থানা হেফাজতে রাখার পরদিন অসুস্থ হয়ে মারা যান। আফরোজার পরিবারের অভিযোগ, মাদক রাখার কথা বলে নির্যাতন করায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।