খুলনার পাইকগাছা উপজেলায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার লষ্কর ইউনিয়নের শরণখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১০ টার দিকে লষ্কর ইউনিয়নের শরণখোলা মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ভ্যান চালক, মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়। নিহতদের মধ্যে ভ্যানচালকের নাম ইসমাইল (৬০)। তবে মোটরসাইকেল চালক ও আরোহীর নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।
ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।