ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৫ জুন) দুপুর আড়াইটার দিকে সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভোটগ্রহণ স্বাভাবিক করে। আটককৃত দুজন হলেন, শ্রীপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. ডালিম ও একই এলাকার মান্নার মিয়ার ছেলে নয়ন ভূঁইয়া।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে আমিসহ পুলিশের কয়েকটি টিম শ্রীপুর কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুইজনকে আটক করে বিস্তারিত জানার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ভোটগ্রহণ চলে ক টানা বিকাল ৪টা পর্যন্ত। এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান বিজয়নগর উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক।
নির্বাচনে চেয়ারম্যন পদে ৬ জন, ভাইস চেয়ারম্যন (পুরুষ) পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যন পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলা গঠিত। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ১০ হাজার ৫৩৮। মোট ভোট কেন্দ্র ৭৮টি।
চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে সক্রিয় তিনজন প্রার্থী আছেন, তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী (ঘোড়া) প্রতীক, লিরিক গ্রুপের ডিরেক্টর আল জাবের (জাবেদ আহমেদ) (আনারস) প্রতীক ও কাজী রফিকুল ইসলাম (কাপ পিরিচ) প্রতীক।