কাঠের গুঁড়ার সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল মরিচ-হলুদ

নগরের খাতুনগঞ্জে তিনটি কারখানায় কাঠের গুঁড়ার সঙ্গে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল মরিচ ও হলুদের গুঁড়া। খবর পেয়ে আজ বুধবার (৫ জুন) দুপুরে এসব কারখানায় অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযান চালিয়ে কারখানা তিনটি সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান। তাকে সহায়তা করেন মহানগর পুলিশের একটি টিম। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. আব্দুস সোবহান সাংবাদিকদের জানান, খাতুনগঞ্জের তিনটি কারখানায় কাঠের গুঁড়ায় ক্ষতিকর রং মিশিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তৈরি করা হচ্ছিল বলে ধারণা করছি। নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে অভিযানের আগেই ওই তিন কারখানার মালিক পালিয়ে যান। কারখানাগুলো সিলগালা করে দিয়েছি। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হবে।