এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

ফেসবুক, গুগল, ইউটিউব, ইয়াহু, আমাজনসহ অন্যান্য ইন্টারনেটভিত্তিক মাধ্যম থেকে কর আদায় নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলা করা হয়েছে। আইনি সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মো. কাউছার এ মামলাটি করেন। এর আগে গত ১৯ মে সংশ্লিষ্ট বিষয়ে জবাব চেয়ে এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয়। এতে ১০ দিনের সময় দিয়ে বলা হয়, নোটিসের ব্যত্যয় হলে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে মামলা করা হবে।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ নভেম্বর হাইকোর্টের এক রায়ে প্রতি ছয় মাস অন্তর এসব ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি, লাইসেন্স ফি-সহ সব ধরনের লেনদেন থেকে মূসক, টার্ন ওভার কর ও সম্পূরক শুল্কসহ সব ধরনের কর এবং তাদের কাছ থেকে আয়কর আদায়ে চারটি সুনির্দিষ্ট নির্দেশনা দেয়। আরোপিত মূল্য সংযোজন কর এবং আয়কর প্রদানসহ সব ধরনের বকেয়া রাজস্ব আদায়ের বিবরণী হলফনামার মাধ্যমে হাইকোর্টে দাখিল করার নির্দেশনা ছিল হাইকোর্টের রায়ে।