পিলারের নিচে মাটি না থাকায় টাঙ্গাইলের গোপালপুরে ঝিনাই নদীর ওপর নির্মিত সেতুর একাংশ ভেঙে পড়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে নগদাশিমলার বনমালী-জামতৈল সড়কে।
গতকাল বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর সেতুটি ভেঙে পড়ে। এদিকে সেতুটি ভেঙে যাওয়ার পর স্থানীয় নদীতে জমে থাকা কচুরিপানার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে নদী পারাপার হচ্ছে এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার নগদা শিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর ১৯৯৬ সালে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৪০ মিটার এবং ৫ ফুট প্রস্থ। নদীতে পানি বৃদ্ধির কারণে পানাগুলো একত্র হয়ে সেতুর পিলারে জমাট বাঁধে। পিলারের নিচে মাটি না থাকায় নদীতে তীব্র স্রোত ও পানার চাপে সেতুর মাঝখানের প্রায় ২০ মিটার অংশ ভেঙে নদীতে পড়ে যায়। বাকি অংশটুকুও ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আয়নাল হক বলেন, নদীতে পানি আসার আগেই সেতুটির নিচে জমে থাকা পানা পরিষ্কার করা হয়। এভাবেই পাঁচ বছর ধরে চলছিল। কিন্তু হঠাৎ করে সেতুর মাঝখানে কিছু অংশ নদীতে ভেঙে পড়ে।
তিনি আরও বলেন, সেতু ভেঙে যাওয়ার পর লোকজন নদীতে জমে থাকা পানার ওপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছে।
উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান বলেন, সেতুটি দীর্ঘদিনের পুরাতন ছিল। সেতুর প্রস্থ ছিল পাঁচ ফুট। স্থানীয়দের যাতায়াতের স্বার্থে ঝিনাই নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। পুরাতন সেতু হওয়ায় সেটি সংস্কারের উপযোগী ছিল না। সেখানে নতুন করে সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।