ইউরোর আগে স্পেনের ৫ গোল

দুই দলের শক্তি-সামর্থ্য, ফিফা র‍্যাঙ্কিংয়ে যে বিস্তর ফারাক, মাঠের লড়াইয়েও তা বেশ ফুটে উঠল। বুধবার রাতে প্রীতি ম্যাচে স্পেন ৫-০ গোলে হারিয়েছে অ্যান্ডোরাকে। বদলি নেমে হ্যাটট্রিক করেছেন মিকেল ওইয়ারজাবাল।

গত মার্চে কলম্বিয়ার বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো হারের স্বাদ পায় তারা। ওই মাসেই আরেক প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে দুই দফায় এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-৩ ড্র করে ২০০৮ ও ২০১২ ইউরোর চ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৪ মিনিটেই গোল পেয়ে যায় স্পেন। পাও কুবার্সির হেড পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান জাতীয় দলে অভিষিক্ত আয়োজে পেরেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আলভারো মোরাতার বদলি নামেন ওইয়ারজাবাল। ৫৩ মিনিটে ম্যাচে নিজের প্রথম গোলটি করেন তিনি। ৬৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রিয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড। ৭৩ মিনিটে জটলার মধ্যে দ্বিতীয় প্রচেষ্টায় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ওইয়ারজাবাল।

আর ৮১ মিনিটে বার্সেলোনা ফরোয়ার্ড ফেরান তরেস কোনাকুনি শটে দলের পঞ্চম গোলটি করেন।

ইউরোর আগে আরেক প্রস্তুতি ম্যাচে আগামী শনিবার নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে তারা।