নারীর গায়ে থুতু মারলেন অটোচালক!

ভারতের বেঙ্গালুরুর ইন্দিরানগরে ঘুরছিলেন এক নারী। এ সময় এক অটোরিকশা চালক তার গায়ে থুথু ছিটান; যা ওই নারীর সাদা শার্ট এবং ডান হাতে লাগে। ধারণা করা হচ্ছে, অটোচালক পানের পিক ছিটিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই নারী এ ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। গত ৩ জুন এক্সে এই পোস্ট দেওয়া হয়। নেটিজেনরা ঘটনাটি ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেন। একজন লেখেন, ‘এটা জঘন্য। আপনি কি অটোচালকের বিরুদ্ধে মামলা করতে চান?’

আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি কি তার নম্বরপ্লেট লক্ষ্য করেছেন? পুলিশের কাছে রিপোর্ট করুন। এ ধরনের আচরণের শাস্তি হওয়া উচিত।’ তৃতীয় একজন মজা করে বলেন, ‘তিনি (চালক) সাদা শার্ট প্রিন্টেড করে দিয়েছেন। ’ আরেকজন লিখেছেন, ‘আমি কল্পনাও করতে পারিনা ওই মুহূর্তে আপনি কতটা বিরক্ত হয়েছিলেন।’

এর আগে দিল্লির এক নারী একইরকম ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, মেট্রো স্টেশনে এক ব্যক্তি তার গায়ে থুতু ছিটিয়ে দেয়। তিনি তার একটি ছবিও পোস্ট করেছিলেন।