আঠারোতম লোকসভা নির্বাচনে হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে টানা তৃতীয়বারের মতো জয় পেলেন দেব। তবে হেরে যাওয়ার পরেও ময়দান ছেড়ে চলে যাননি হিরণ। বরং দলের কর্মী-সমর্থকদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন। কিন্তু হঠাৎই বলে উঠলেন ‘জেলে ঢোকানোর’ কথা।
মঙ্গলবার ভোটগণনার দিন ঘাটালে তৃণমূল-বিজেপি সংঘাতে আহত হয়েছেন দুই শিবিরের কর্মী-সমর্থকই। এদিন সেই আহত বিজেপি কর্মীদের হাসপাতালে দেখতে গিয়েছিলেন হিরণ। তাদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন পরাজিত পদ্মপ্রার্থী।
তাদের উদ্দেশে হিরণ বলেন, ভোটের হার-জিত আছেই। তবে আপনারা নিশ্চিন্তে থাকুন। কিছু হবে না। কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আমিও সবসময়ে আপনাদের পাশে আছি। আপনারাও কর্মী, আমিও কর্মী।
এরপরই ঘাটালে তার হার নিয়ে মুখ খোলেন প্রাক্তন খড়্গপুর বিধায়ক। এরপর হিরণ চট্টোপাধ্যায় বলেন, ‘হেরে যাওয়া যদি আমার অপরাধ হয়, তাহলে আমায় জেলে ঢুকিয়ে দিন। তবে আমার কর্মীদের উপর অত্যাচার করবেন না। আমার অনুরোধ।’
ঘাটালে ভোটপরবর্তী হিংসা নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনও খবর প্রকাশ্যে আসেনি। যাতে কোনোরকম ভোট পরবর্তী হিংসা না হয়, সেদিকে নজর রাখতে আগামী ১৯ জুন পর্যন্ত প্রতিটা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।