ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ উপলক্ষ্যে আগামীকাল নয় পরশুদিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে জানানো হয়, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ জুন) ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের বদলে পরদিন রবিবার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।
বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে আলাপকালে তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করেন।