ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতায়িত ছেলের জীবন বাঁচাতে গিয়ে মা-ছেলে দুজনেই মারা গেছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দুইটায় উপজেলা বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন (৫৫) ও তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)। শিমুল রাশিয়ার একটি মেডিক্যাল কলেজের অধ্যরত শিক্ষার্থী ছিলেন।
বারবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, দুপুর দুইটার দিকে শিমুল পুকুরে পানি সেচ দিতে বৈদ্যুতিক মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় পাশেই কাজ করছিলেন মা। খোঁজ পেয়ে শিমুলকে বাঁচাতে পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়েন। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে স্বজনরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।