স্কুটি চালাচ্ছিল তরুণী আরোহী ছিলেন তরুণ, অতঃপর...

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় এক তরুণীসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে ২ নম্বর গেট এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারান স্কুটি আরোহী দুই তরুণ-তরুণী। তারা হলেন, মেহেদী হাসান আরিফ (২৮) ও শারমিন আক্তার (২২)।

গতকাল বুধবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. ইদ্রিস মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। উক্ত দুটি দুর্ঘটনায় তরুণীসহ তিনজন নিহত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ জুন) দুপুর পৌনে ১টার দিকে ২ নম্বর গেট এলাকার হক্কানী পেট্রোল পাম্পের পাশে সেতুর ওপর দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন শারমিন আক্তার নামে এক তরুণী। ওই স্কুটিতে আরোহী ছিলেন মেহেদী হাসান নামে এক তরুণ। এ সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে স্কুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত মেহেদী হাসান আরিফ আকবর শাহ থানার বিশ্বকলোনি এম ব্লকের জামাল উল্লাহর ছেলে এবং শারমিন আক্তার একই এলাকার ইয়াসিন বাবুলের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হন ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তি। নিহত ইদ্রিস ময়মনসিংহের নান্দাইল থানাধীন উলোহাটি এলাকার আবদুল খালেকের  ছেলে। তিনি পতেঙ্গার নারিকেল তলা এলাকায় শাহাবুদ্দিনের বাসায় ভাড়ায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে  রেলওয়ে থানার ওসি এস এম শাহিদুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।