কায়রোতে এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা সৌদি নাগরিক হাত্তান বিন গাজি শাতাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার (০৬ জুন) মিসরের সৌদি দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মিসরীয় কর্তৃপক্ষ দূতাবাসকে রাস্তায় শাতার মৃতদেহ পাওয়ার বিষয়টি অবহিত করেছে। মরদেহ উদ্ধারের পর তার ডিএনএ নমুনা নেওয়া হয়েছিল। শাতার মৃত্যুর কারণ তার স্বাস্থ্যের অবনতি। এছাড়া তার মৃতদেহে ‘অপরাধসদৃশ’ কিছু পাওয়া যায়নি।
অপর বিবৃতিতে শাতার ভাই হানি শাতা বলেন, তার ভাইয়ের মৃত্যুর পেছনে কোনো অপরাধ বা অপরাধচক্রের হাত নেই। তিনি স্বাভাবিক কারণেই মারা গেছেন।
এক মেয়ের বাবা শাতা এক মাস আগে কায়রোর পূর্বাঞ্চলের অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরোবার পর নিখোঁজ হন। তার অ্যাপার্টমেন্টের সব জিনিসপত্র অক্ষত পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার পর মিসরের নিরাপত্তা বাহিনী শাতার ছবি ও তথ্যসহ একটি বিজ্ঞপ্তি জারি করেছিল, যা সব অঞ্চলে পাঠানো হয়।