২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ২১৭ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব করেন। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ১৯৯ কোটি টাকা। গত অর্থবছরে (২০২৩-২৪) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ১৮ কোটি টাকার বাজেট প্রস্তাব ছিল। পরে সংশোধিত বাজেটে সেটি ৭০৭ কোটি টাকা নির্ধারণ হয়।
এদিকে বিদেশফেরত কর্মীদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে ৫০০ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার। এ তহবিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত ১২ হাজার ৮৯ জন ঋণগ্রহীতাকে ২৯৩ কোটি ৬৫ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যমান ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) পাশাপাশি আরও ৫০টি টিটিসি স্থাপনে কার্যক্রম নেওয়া হয়েছে। এ ছাড়া ‘দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৫ বছরে মোট ১ লাখ ২ হাজার ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসফেরত আহত ও অসুস্থ কর্মীর চিকিৎসার্থে ২০১০ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ৮৫ জনকে ১৯ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৈধভাবে বিদেশ গমনকারী মৃতকর্মীর পরিবারকে ২০০৯ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৪৩৬ কোটি ৭৬ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স আহরণের গতি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ২০০৯-১০ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১০ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২২-২৩ অর্থবছরে দ্বিগুণ হয়ে ২১ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।