স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বাবদ আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪৬ হাজার ৫৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি (২০২৩-২৪) অর্থবছরে এ বাবদ বরাদ্দ ছিল ৪৮ হাজার ১৩৭ কোটি টাকা। এ হিসাবে নতুন অর্থবছরে বরাদ্দ কমেছে ১ হাজার ৫৮৫ কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি এ প্রত্যয়ে আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়ন ও নাগরিক সুবিধাদি বাড়াতে গ্রাম ও শহরে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, সংস্কার ও সংরক্ষণ করছে। দেশব্যাপী যোগাযোগ অবকাঠামো নির্মাণ, সুপেয় পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা, ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও ব্যবহার বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ইত্যাদির মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ঢাকাবাসীর দৈনিক প্রায় ২৬৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ঢাকা ওয়াসা দৈনিক প্রায় ২৭৫ কোটি লিটার সরবরাহ করার সক্ষমতা অর্জন করেছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসাও নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ করছে।