কোনো ব্যক্তির নামে একাধিক গাড়ি বা মোটর গাড়ি থাকলে তাকে অতিরিক্ত সারচার্জ দিতে হবে। এটিকে বলা হচ্ছে পরিবেশ সারচার্জ। একের অধিক প্রতিটি গাড়ির জন্য নানা হারে পরিবেশ সারচার্জ দিতে হবে। গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে এই সারচার্জ নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির নামে একাধিক মোটর গাড়ি থাকলে প্রত্যেকটি গাড়ির জন্য সারচার্জ দিতে হবে। তিনি জানান, ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটর গাড়ির জন্য পরিবেশ সারচার্জের হার ২৫ হাজার টাকা; ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের অধিক কিন্তু ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটর গাড়ির জন্য ৫০ হাজার টাকা; ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক কিন্তু ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটর গাড়ির জন্য ৭৫ হাজার টাকা; ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক কিন্তু ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটর গাড়ির জন্য দেড় লাখ টাকা; ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক কিন্তু ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটর গাড়ির জন্য ২ লাখ টাকা এবং এর চেয়েও বেশি সিসি বা কিলোওয়াট হলে অর্থাৎ সাড়ে তিন হাজার সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক প্রতিটি মোটর গাড়ির জন্য সাড়ে তিন লাখ টাকা সারচার্জ দিতে হবে।
তবে শর্ত থাকে যে, একাধিক গাড়ির ক্ষেত্রে যে গাড়ির ওপর সর্বনি¤œ হারে পরিবেশ সারচার্জ আরোপিত হবে ওই গাড়ি ব্যতীত অন্যান্য গাড়ির বিপরীতে পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে। পরিবেশ সারচার্জ গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে নিবন্ধন বা ফিটনেস নবায়নকারী কর্তৃপক্ষ কর্তৃক উৎসে সংগৃহীত হবে।