মোদির শপথ এক দিন পেছাল

টানা তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। গত বুধবার জানানো হয়, আগামীকাল শনিবার তৃতীয় মেয়াদে শপধ নেবেন মোদি। তবে গতকাল বৃহস্পতিবার জানানো হয়, মোদির শপথ অনুষ্ঠান এক দিন পিছিয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মোদি শপথের সময় শনিবারের পরিবর্তে পরের দিন রবিবার করা হয়েছে। এর আগে বুধবার বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) অন্যান্য শরিক দলের সমর্থনে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। এখন শপথগ্রহণের মধ্য দিয়ে এক অনন্য মাইলফলক স্পর্শ করবেন তিনি। জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

নরেন্দ্র মোদির এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে।

উল্লেখ্য, ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন। তবে দল হিসেবে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। দলটির দখলে গেছে ২৪০ আসন। আর কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন।