মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল শনিবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার মোদির শপথ অনুষ্ঠানের কথা থাকলেও তা এক দিন পিছিয়ে হচ্ছে আগামী রবিবার। শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সোমবার দেশে ফিরবেন শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শনিবার সকাল ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে সোমবার দুপুরে দেশে ফিরবেন।’

এর আগে গতকাল সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছিল, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (আজ) ভারত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় বলা হয়েছিল শপথ অনুষ্ঠানটি শনিবার সন্ধ্যায় হবে।

গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়, নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান পেছানোর কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরও এক দিন পিছিয়েছে।

এর আগে গত মঙ্গলবার ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এরপর বুধবার সন্ধ্যায় টেলিফোনে নরেন্দ্র মোদি তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। সরকারপ্রধান এই আমন্ত্রণ গ্রহণ করেন।