পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬৭ হাজার ১৩৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (৩ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে।
এতে জানানো হয়েছে, রবিবার রাত ২টা পর্যন্ত মোট ৬৭ হাজার ১৩৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬২ হাজার ৫৫৮ জন। এখন পর্যন্ত হজকেন্দ্রিক সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৭২টি।
এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ৯ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন।
এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।
এখন পর্যন্ত সব হজযাত্রীর ভিসা হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশী হজ করতে যাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত হজযাত্রার এ ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।