বর্তমানে যে কোনো সময় যে কোনো কিছুর সাথে সেলফি তোলা একটি নেশায় পরিণত হয়েছে। আর সেই নেশায় মত্ত হয়ে যে কোনো সময় মৃত্যু হতে পারে জেনেও অনেকে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। তেমনই এক ঘটনা ঘটল মেক্সিকোর হিদালগোতে। ট্রেনের সঙ্গে সেলফি তোলার সময় এক নারী ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন।
সোমবার (৩ জুন) ঘটনাটি ঘটেছে মেক্সিকোর হিদালগোতে। কানাডা থেকে একটি ভিনটেজ ট্রেন মেক্সিকো সিটিতে আসছিল। ভিনটেজ এই ট্রেনটিকে ঘিরে মেক্সিকো সিটিতে উন্মাদনা ছিল তুঙ্গে। সকলের মতোই এক নারী তার ছেলে এবং স্থানীয় স্কুলের পড়ুয়াদের নিয়ে ওই ট্রেন দেখতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনটিকে দেখে ওই নারী প্রথমে বেশ কয়েকটি ছবি তোলেন। তখন ট্রেনটি বেশ কিছুটা দূরে ছিল। তার পর সেলফি তোলার চেষ্টা করেন। ঠিক তখনই ট্রেনের ইঞ্জিনের পাশের অংশে ধাক্কা লাগে তার মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। শিউরে ওঠা সেই ঘটনার ভিডিও ঘুরছে সামাজিক মাধ্যমে।