লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল কাইয়ুম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম উপজেলার উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
লালমনিরহাট রেলওয়ে থানার এসআই আব্দুল্লা মোহাম্মদ আল মোমেন জানান, লালমনিরহাট থেকে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গোপাল রায় নামক স্থান অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। খবর পাওয়ার পরই লালমনিরহাট রেলওয়ে থানা থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
কাকিনা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতাউজ্জামান রঞ্জু বলেন, বিকেল তিনটার দিকে বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া ট্রেনটি গোপালরায় এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনে দাঁড়িয়ে থাকা গরু বাঁচাতে গিয়ে কাইয়ুম ট্রেনের ধাক্কায় মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, বিষয়টি জিআরপি থানাকে অবগত করা হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।