বাংলাদেশ ও পাকিস্তানের আকাশে শুক্রবার (৭ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৭ জুন (সোমবার) এ দুটি দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারিত হয়। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখার ঘোষণা দেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। অপরদিকে পাকিস্তানের স্থানীয় সময় রাত ৮টার দিকে চাঁদ দেখার ঘোষণা দেয় দেশটির রুয়েত-ই-হিলাল কমিটি।
বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা বছরে দুটি ঈদ পালন করে থাকেন। প্রথমটি ঈদুল ফিতর অপরটি ঈদুল আজহা। চলতি বছর পাকিস্তানে ঈদুল ফিতর পালিত হয় ১০ এপ্রিল। কিন্তু বাংলাদেশে ঈদ হয় ১১ এপ্রিল। ফলে রোজার ঈদ উদযাপনে ভিন্নতা থাকলেও এ দুই দেশে কোরবানির ঈদ একইদিনে পালিত হতে যাচ্ছে।
এর আগে গতকাল পশ্চিম আকাশে জিলহজের চাঁদ দেখার ঘোষণা দেয় সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সে হিসেবে আগামী ১৬ জুন ঈদুল আজহা হবে। আর হজ বা আরাফাতের দিন হবে ১৫ জুন। মুসল্লিরা হজ শেষ করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন।
সৌদিতে দুম্বা, ভেড়া ও উট কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে। তবে বাংলাদেশ ও পাকিস্তানের বেশিরভাগ মানুষ গরু ও কিছুক্ষেত্রে উট কোরবানি করেন।