আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ’৬৫-তে পাকিস্তান-ভারত যুদ্ধে পূর্ববাংলার কোনো নিরাপত্তা ছিল না। পূর্ববাংলাকে রক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না। সেই কারণে ছয় দফার প্রয়োজন বেশি ছিল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছয় দফা না হলে ৬৯-এর গণঅভ্যুত্থান হতো কি না, সেটিই হলো বড় কথা। এই ছয় দফা আমাদের ইতিহাসের বাঁক পরিবর্তন করেছে। ৭৫-এর পর ৭ জুন ও ৭ মার্চ এসব দিবসকে নিষিদ্ধ করে দেওয়া হয়।