বেনাপোলে কাস্টমস কর্মকর্তাকে কুপিয়ে জখম 

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৭ জুন) রাত সাড়ে আটটার দিকে রঘুনাথপুর সড়ক দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে সহকর্মীরা।

রাফিউল ইসলাম বর্তমানে বন্দরের কাস্টমস ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তিনি নেত্রকোনা জেলা সদরের মো: কাজিম উদ্দিন ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান জানান, আজ রাত নয়টায় রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়কে রিকশাভ্যান যোগে তার এক বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় পেচরবাওড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।